Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিমান্ড শেষে কারাগারে মাই টিভির চেয়ারম্যান সাথী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৯:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২৩ আগস্ট) ঢাকার মহানগর হাকিম রাকিবুল হাসানের আদালত এ আদেশ দেন। এদিন সাথীকে আদালতে হাজির করে পুলিশ।

আদালতে হাজিরের পর নাসির উদ্দিন সাথীকে কারাগারে রেখে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আবেদনে বলা হয়, সাংবাদিকতার মতো মহান পেশায় গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ও দায়িত্বে ছিলেন নাসির উদ্দিন সাথী। কিন্তু তিনি ব্যক্তিগত হীনস্বার্থে আওয়ামী সরকারের আজ্ঞাবহ হয়ে আসাদুল হক বাবু হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে উসকানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়েছেন।

বিজ্ঞাপন

রিমান্ডে নিয়ে পাঁচদিনের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত পাওয়া গেছে। এসব যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে মাই টিভির এই চেয়ারম্যানকে কারাগারে রাখা একান্ত প্রয়োজন।

এর আগে, ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে সাথীকে গ্রেফতার করা হয়। পরদিন তার সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দীন আহমেদের আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন আসাদুল হক। ঘটনার দিন দুপুরে আসামিদের ছোড়া গুলি তার বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে রয়েছেন।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর