Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মানবতাবিরোধী মামলা: আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম আপিলে খালাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে, গতকাল এই মামলায় দণ্ডিত খান আকরাম হোসেনের আপিলের রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ আগস্ট একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় খান মো. আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

রায়ের দিন সকালে সিরাজ ও আকরামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায়ে বলা হয়, মামলার তিন আসামির মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়েছে।

প্রমাণিত পাঁচ অভিযোগে সিরাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসির দড়িতে ঝুলিয়ে কার্যকর করার নির্দেশ ছিল। আর একটি অভিযোগ প্রমাণিত হওয়ায় আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন। আপিলে শুনানি শেষে আপিল বিভাগ তাকে খালাস প্রদান করেন।

মামলার অপর আসামি আবদুল লতিফ তালুকদার বিচার চলাকালীন মৃত্যুবরণ করায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর