Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২১:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, লাগামহীন মূল্যস্ফীতি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এমতাবস্থায় জামায়াত নিরব দর্শক হয়ে না থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব ও একটি আদর্শিক সংগ্রামের অংশ মনে করছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়া খেলাঘর মাঠ সংলগ্ন উদ্যম প্রচেষ্টা ক্রিকেট প্রাঙ্গনে স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও দক্ষিণ থানা আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সেলিম উদ্দিন বলেন, দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় মানুষের অধিকার প্রতিনিয়তই পদদলিত হচ্ছে। সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা হওয়ায় সর্বত্রই মানুষের আহাজারী- আর্তনাদ শোনা যাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী একটি গণমুখী ও আদর্শবাদী সংগঠন হিসাবে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করছে। কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা ব্যক্তি বা সাংগঠনিক পর্যায়ে সামাল দেওয়া সম্ভব নয়। তবুও আমরা সমাজের সচেতন নাগরিক ও ইসলামী আদর্শে বিশ্বাসী সংগঠন হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়ানোকে দায়িত্ব ও কর্তব্য মনে করি। জনগণের জন্য জামায়াতের এমন কল্যাণকামী কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে- ইনশাআল্লাহ। তিনি আর্ত-মানবতার কল্যাণে সরকার, সকল রাজনৈতিক দল সহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

তেজগাঁও দক্ষিণ থানা আমির ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নো’মান আহমেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক আজিজুল হক, অফিস সম্পাদক ডা. তৌফিক, পূর্ব তেজতুরী বাজার মহল্লার সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, তেজকুনিপাড়া মসজিদ কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫শ’ অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো