ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য ৯ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত। তালিকায় রয়েছে বেশ চমক ও উদারতার চিহ্ন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে জামায়াতের একটি ঘনিষ্ঠ সূত্র এ মনোনয়ন তালিকা নিশ্চিত করেছেন।
জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত মহিলা আসন পাবে জামায়াত। এর মধ্যে সর্বশেষ খবরে ৯ জনকে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলেছে সংসদের বিরোধী দলটি। যেখানে জামায়াতের বাইরেও দুইজন রয়েছেন। এছাড়া সারাদেশ থেকে প্রতিনিধিত্ব রাখার পূর্ব প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণও স্পষ্ট হয়েছে তালিকায়।
জামায়াত মহিলা বিভাগ থেকে যাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে, তাদের শুরুতেই রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। ফ্যাসিবাদের আমল থেকে দীর্ঘদিন মহিলা বিভাগের দায়িত্ব পালন করে আসছেন তিনি।
এরপর রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি।
ঢাকার বাইরে থেকে রয়েছেন মাহফুজা সিদ্দিকা—যিনি জামায়াতের সিলেট অঞ্চলের নারী নেত্রী। আর চট্টগ্রাম থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মেরিনা সুলতানাকে, যিনি জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের নারী নেত্রী।
উত্তরবঙ্গ থেকে মনোনয়নের জন্য বাছাই করা হয়েছে জামায়াতের বগুড়া অঞ্চলের নারী নেত্রী সাজেদা সামাদকে।
এছাড়া মনোনয়নের তালিকায় স্থান পেয়েছেন শিক্ষক, প্রকৌশলী ও টকশো ব্যক্তিত্ব মারদিয়া মমতাজ।
এই সাতজনের বাইরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একজনের মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াত। তিনি হলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু।
আর ১১ দলীয় ঐক্যের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে দলটির সভাপতি ও মরহুম শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
বাকি দুজনের মধ্যে ২৪-এর জুলাই শহিদ পরিবার থেকে একজনকে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে জামায়াতের ঘনিষ্ঠ সূত্র। অন্যজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে ২০২৬ অনুষ্ঠিত হবে। যেখানে বিএনপি ৩৬টি, বিরোধী দলীয় জোট ১৩টি ও একটি আসন স্বতন্ত্র থেকে পাবে।