ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
রোববার (৩ মে) দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও দিনশেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৫ পয়েন্টে নেমেছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
তবে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসই-তে ৮২৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ৩৫ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৬৪ কোটি ২ লাখ টাকা।
ডিএসই-তে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।
লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- এনসিসি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডোমিনেজ স্টিল, লাভেলো আইসক্রিম, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, মীর আকতার, ইস্টার্ন ব্যাংক, একমি লিমিটেড ও যমুনা ব্যাংক।
অন্যদিকে সিএসই-তে সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮৮ পয়েন্টে নেমেছে। এদিন ২শ’টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
সিএসই-তে লেনদেন হয়েছে ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের তুলনায় ৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৩৩ লাখ টাকা।