ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য গোপন ও ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছিলেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। এমন অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (৭ মে) নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনার পরপরই একাত্তর টেলিভিশনে প্রচারিত ‘সমীকরণ’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল। ওই প্রতিবেদনে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হয় যে, শাপলা চত্বরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আমিনুল ইসলাম জানান, তদন্তে নতুন কিছু তথ্য উঠে এসেছে। এর মধ্যে ফারজানা রুপার উপস্থাপনায় প্রচারিত প্রতিবেদনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাক্ষাৎকারও ছিল। পাশাপাশি সাংবাদিক মোজাম্মেল বাবুর সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।
তিনি বলেন, দেশজুড়ে আলোচিত একটি ঘটনাকে আড়াল করতে বিতর্কিত ব্যক্তিদের বক্তব্য ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছিল। তার দাবি, শাপলা চত্বরের প্রকৃত ঘটনা ও মৃত্যুর তথ্য গোপনের ক্ষেত্রে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু পরিকল্পিতভাবে কাজ করেছেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, তদন্তের স্বার্থে ফারজানা রুপা, মোজাম্মেল বাবু ও দীপু মনিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে।
এ ঘটনায় আগামী ১৪ মে তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের মামলার আসামি করা হতে পারে বলেও জানান আমিনুল ইসলাম।