Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৯:৫৬

ঢাকা: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ উন্নত ও মানসম্মত করতে পরিচ্ছন্নতা বিষয়ে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (১১ মে) জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনা বলা হয়, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। এর ফলে জনমনে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি বিদ্যালয়ের আঙিনা সবসময় তক তকে রাখতে হবে যাতে সরকারি স্থাপনাগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত হয়। বিশেষ করে স্কুল ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার রাখা এবং কার্নিশে যেসব আগাছা বা পরগাছা জন্মায়, সেগুলো নিয়মিত ছেঁটে ফেলার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এই নির্দেশনার মূল লক্ষ্য হলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি পরিপাটি ও স্বাস্থ্যসম্মত স্থানে পরিণত করা।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। মূলত শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতেই এই জরুরি বার্তা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএল/এনজে