রাজবাড়ী: অর্থপাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান চেয়ারম্যান ড. এম. জুবায়ের রহমানের পদত্যাগ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) কামাল উদ্দিন জসিমকে বহিষ্কার, ব্যাংকের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং এমডি মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) ইসলামী ব্যাংক রাজবাড়ী শাখার গ্রাহকবৃন্দের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ড. মো. মতিয়ার রহমান, মো. আক্কাস আলী, মওলানা আনোয়ার হোসেন বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশের ইসলামী ব্যাংকিং খাতকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তারা অবিলম্বে বিতর্কিত ব্যবসায়ী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার এবং বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, গ্রাহকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও ক্ষমতালোভী আচরণের অভিযোগে ব্যাংকের এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। একই সঙ্গে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার দায়ে বর্তমান চেয়ারম্যান ড. জুবায়েদুর রহমানের পদত্যাগ দাবি করেন তারা। এছাড়া ব্যাংকের সাধারণ গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে এমডি ওমর ফারুক খানকে স্বপদে বহাল রাখার আহ্বান জানানো হয়।