কুষ্টিয়া: জেলার মিরপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আসমত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা ক্যানালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমত ওই এলাকার বাসিন্দা এবং তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নিজ বাড়ির গাছে আম পাড়তে ওঠেন আসমত। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।