ঢাকা: রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৩ দগ্ধের ঘটনায় আলী হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (৭জুন) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আলী হোসেনের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। বর্তমানে হাসনাহেনা ৬০ শতাংশ ও আখি ১৫ শতাংশ দগ্ধ নিয় ভর্তি আছে।
এর আগে, শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উত্তরখানের বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন আলী হোসেনসহ তার স্ত্রী হাসনা হেনা (৪৫) ও মেয়ে আখি আক্তার (২৫)।
দগ্ধ আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, তাদের বাসা উত্তরখান কাচকুরা সাইনবোর্ড এলাকায়। শনিবার ভোরে রান্না ঘরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। এতে তার মা বাবা ও বোন দগ্ধ হন।