Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন কমিশন গঠনের প্রভাব পুঁজিবাজারে: দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৬:৩২

ঢাকা: সরকার কর্তৃক ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ (বিএসইসি)-এ নতুন নেতৃত্ব নিয়োগের পর প্রথম কার্যদিবসেই ব্যাপক প্রভাব পড়েছে পুঁজিবাজারে । রোববার (৭ জুন) দেশের পুঁজিবাজারে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটে দাম বাড়ার পাশাপাশি সবগুলো মূল্যসূচক বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, নতুন কমিশনের প্রথম কার্যদিবসের শুরুতেই ডিএসই’র অধিকাংশ শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখায়। অবশ্য দিনের শুরুতে যতগুলো সিকিউরিটিজের দাম বেড়েছিল, লেনদেনের শেষ দিকে এসে এর মধ্যে কয়েকটিতে দরপতন হয়েছে। তা সত্ত্বেও দিনের লেনদেন শেষে বেশিরভাগ সিকিউরিটিজের দাম বাড়ার মধ্যে লেনদেন শেষ হয়।

বিজ্ঞাপন

দিনের লেনদেন শেষে ডিএসই-তে সব খাতে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৬০টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ পয়েন্টে উঠে এসেছে।

আজকের এ উত্থান নিয়ে ডিএসই-তে ঈদুল আজহার আগে পাঁচ কার্যদিবস ও ঈদ পরবর্তী পাঁচ কার্যদিবস মিলিয়ে টানা ১০ কার্যদিবস উত্থান হয়েছে ঢাকার এই পুঁজিবাজারে। এই ১০ দিনের উত্থানে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ হাজার ২০৩ পয়েন্ট থেকে ৩১৩ পয়েন্টে ৫ হাজার ৫১৬ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ হাজার ৫৬ পয়েন্ট থেকে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ হাজার ৯৬৮ পয়েন্ট থেকে ২ হাজার ৮৭ পয়েন্টে উঠেছে।

এদিকে আজ মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসই-তে লেনদেন উল্লেখযোগ্য বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয় ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় আজ লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৪৬ লাখ টাকা।

আজকের এ লেনদেন ২০২৪ সালের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন ডিএসই-তে ২ হাজার ১০ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। সে হিসাবে আজকের লেনদেন প্রায় ১ বছর ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৯৯ পয়েন্টে উঠেছে। আর এক্সচেঞ্জটির প্রধান সূচক সিএসসিএক্স ৮৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনে অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৭ কোটি ২৪ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ২৭ কোটি ৪৬ লাখ টাকা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে ক্রাউন সিমেন্ট পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ খান-কে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি কমিশনের চারটি কমিশনার পদের তিনটিতে যথাক্রমে নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাফিজ-আল-তারিক-কে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর