Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে আ.লীগ নেতা আজগর আলী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ০৯:১২

আটক আজগর আলী।

যশোর: যশোরের বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সহ-সভাপতি আজগর আলীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিকালে একটি নাশকতার মামলার আসামি করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে আজগর আলীর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আজগর আলীর ভাই আবদুল হান্নান অভিযোগ করেন, বাঘারপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়িতে তিনি ও তার ছোট ভাই আজগর আলী বসবাস করেন। সোমবার দিবাগত রাত একটার দিকে পুলিশ তাদের বাড়ি আসে। এ সময় তারা পুলিশকে মঙ্গলবার সকালে আসতে বলেন। কিন্তু পুলিশ তা শোনেনি। পুলিশ এ সময় ঘরের বাইরে রাখা কোদাল ও শাবল দিয়ে দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে পুলিশ তাদের গালাগাল করতে থাকলে আজগর আলী ঘরের দরজা খুলে বাইরে আসেন। তখন পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজগর আলী একসময় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ছিল। বর্তমানে সে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের কোনো কমিটিতে নেই। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম, কী কারণে পুলিশ তাকে আটক করছে। কিন্তু পুলিশ আমাদের কিছুই জানায়নি।

তবে আজগর আলীকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দাবি করে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, আজগর আলী দীর্ঘক্ষণ ধরে ঘরের দরজা খুলতে চাননি। এ জন্য আমরা দরজা খোলার চেষ্টা করেছি। তবে কোদাল ও শাবল দিয়ে ঘরের দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা ও গালাগাল করার অভিযোগ ঠিক নয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর