ঢাকা: দেশের প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজন করেছে জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬।
শনিবার (১৩ জুন) রাজধানীর রমনায় আইইবি সদর দফতরে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। তিনি বলেন, এবারের জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশনে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ আয়োজনের মূল উদ্দেশ্য শুধু চাকরির সুযোগ সৃষ্টি নয়, বরং প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য প্রকৌশলী তৈরি এবং নিয়োগদাতা ও প্রকৌশলীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা।
তিনি আরও বলেন, বর্তমান শিল্প ও করপোরেট খাতের প্রয়োজন বিবেচনায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রকৌশলীদের দক্ষ করে তুলতে এবং তাদের জন্য বিস্তৃত পরিসরে জব ফেয়ারের আয়োজন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক এবং আইইবির ভাইস-প্রেসিডেন্ট (এস অ্যান্ড ডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সদস্য-সচিব ও উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সম্পাদক প্রকৌশলী ইসরাত জাহান (জেসমীন), ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরসেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল হাসান (তমাল) এবং আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান।
এ ছাড়া ঢাকা কেন্দ্রের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা, কেন্দ্রীয় কাউন্সিলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রকৌশলী সংগঠনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।