Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান সরকার যুবকদের সামনে নিয়ে আসতে চায়: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৫:০৫

ঢাকা: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে তরুণ-যুবকদের সামনে নিয়ে আসা। প্রধানমন্ত্রী তরুণদের হাতেই বাংলাদেশকে তুলে দিতে চান। সেজন্য যুবদলের নতুন কমিটির দায়িত্ব অপরিসীম। আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে যুবদল সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশকে একটি অপ্রতিদ্বন্দ্বি রাষ্ট্রে পরিণত করবে।

শনিবার (১৩ জুন) জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের সাথে নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের যে লক্ষ্য যে ভিশন সেটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে যুবদল। যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে সবাই এসেছিলাম শ্রদ্ধা জানাতে। আমরা পুষ্পস্তবক অর্পন করেছি। আল্লাহ যেন যুবদলের কমিটিকে শক্তি সাহস তৌফিক দেন তারা যেন সারা বাংলাদেশে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠতে পারে।

এ সময় তার সঙ্গে ছিলেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বরকত উল্লাহ বুলু, সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সহসভাপতি রেজাউল কবির পল, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহম্মেদ, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ দলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর