ঢাকা: দেশের বিভিন্ন কারাগারে মায়েদের সঙ্গে অবস্থানরত শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও সুষ্ঠু বিকাশ নিশ্চিতের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে দেশের সব কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা, তাদের বয়স, বসবাসের পরিবেশ এবং সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ (দীপা)। এ সময় তার সঙ্গে আইনজীবী ফারজানা আক্তার ও হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।
আদালত রুলের মাধ্যমে কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের যথাযথ নিরাপত্তা, কল্যাণ এবং বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা তলব করেছেন।