ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর দেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গণমাধ্যমের কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে এবং সংসদের প্রতি দেশের জনগণের আস্থা আরও বেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ দীর্ঘদিন এ ধরণের সংসদের অপেক্ষায় ছিল। কারণ, ১৭ বছর এ ধরণের কার্যকর সংসদ পাওয়া যায়নি।’ নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তিনি বেশ কয়েকটি সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিশেষ করে হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের সদস্য ছিলেন, যা বলতে তার লজ্জা হয়।
স্পিকার বলেন, ‘অনেক সময় টেলিভিশন ও রেডিওতে দেখেছেন এক এলাকা থেকে একজন নির্বাচিত হয়েছেন, অথচ দু’দিন পরে বা সংসদে এসে দেখেন অন্য লোক, অর্থাৎ ফাঁকে তালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছিলেন।’
এতদিন এ ধরনের আবোল-তাবোল সংসদের পর এবার সত্যিকারের সংসদ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৯১ সালে একটি ভালো সংসদ দেখা গিয়েছিল এবং এরপর এবারকার সংসদ। এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং এখানে অনেকেই নিজ গুণে নির্বাচিত হয়েছেন, যাদের তেমন রাজনৈতিক পরিচিতি ছিল না।’
ভোটিং প্যাটার্ন দেখে মনে হয়েছে সাধারণ মানুষ পরিবর্তন দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে যে ধরনের সংসদ দেখা গেছে এবং এমপিরা যেসব কর্মকাণ্ড করেছেন, মানুষ তাতে সন্তুষ্ট ছিল না বরং মানুষ প্রকৃত সংসদ চায়। এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি এবং সবাইকে জনগণকে সেবা করতে হবে। যে ফল উৎসব সবাই উপভোগ করছেন, তা যেন সাধারণ মানুষও উপভোগ করতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। বিপিজেএ’এর সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে- সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিএনপির সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান, রাশেদুল ইসলাম রাশেদ, সালাহ উদ্দিন, জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ বিপিজেএ-এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।