Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেট
২৮ জুন ২০২৬ ১৫:২৬

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (২৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ঢাকার মহানগর আদালত তার জামিন আবেদন নাকচ করলে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন সাবেক এই সিইসি।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ২২ জুন শেরেবাংলা নগর থানায় বিএনপির দায়ের করা একটি মামলায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিনটি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, এ কে এম শহীদুল হক, সাবেক র‌্যাব মহাপরিচালক ও আইজিপি বেনজীর আহমেদ, সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলাম, সাবেক এনএসআই প্রধান সৈয়দ নুরুল আলম, তৎকালীন নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক, আবু হানিফ, শাহ নেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব, আলমগীর হোসেন, আনিছুর রহমান, তৎকালীন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং তৎকালীন নির্বাচন সচিব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর