ঢাকা: আগামী ১০ দিনের মধ্যে, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুকদের নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থা নির্বাচনের সময়সূচি জারি হওয়ার ১০ দিনের মধ্যে কোন এলাকা বা এলাকাসমূহে কেন্দ্ৰীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করিতে ইচ্ছুক তা উল্লেখপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনের সঙ্গে এলাকাভিত্তিক পর্যবেক্ষকদের তালিকা প্রদান করতে হবে।
এর আগে, ইসি সচিব আখতার আহমেদ আগামী ২৯ অক্টোবর ভোটের তারিখ রেখে ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব বলেন, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি- এই তিনজন।
তিনি বলেন, এ নির্বাচনে আউট অব কান্ট্রি ভোটিং থাকছে এবারও। গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও ১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিল দুই হাজার ৭৩৫।
গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।