Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চায় আগ্রাসন বিরোধী আন্দোলন

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৫

আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্যসচিব আল-আমিন আটিয়া।

‎ঢাকা: বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন। এ দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে স্মারকলিপি প্রদান শেষে আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্যসচিব আল-আমিন আটিয়া এসব কথা জানান।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের ডাকযোগে ভোট দেয়ার ব্যবস্থা করা সম্ভব হলে স্থানীয় সরকার নির্বাচনেও তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা সম্ভব।

‎তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে সব নাগরিককে আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার দেয়া হয়েছে। ২৮ অনুচ্ছেদে বৈষম্য না করার নীতি এবং ৩১ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া সংবিধানের ১২২ অনুচ্ছেদে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির যোগ্যতার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

‎নির্বাচনসংক্রান্ত আইনেও বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের ডাকযোগে ভোট দেওয়ার সুযোগের আইনি ভিত্তি তৈরি করা হয়েছে। জাতীয় নির্বাচনে এ ধরনের ভোটের ব্যবস্থা করা সম্ভব হলে স্থানীয় সরকার নির্বাচনে একই নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা সম্ভব হবে না কেন এ প্রশ্ন তোলেন তিনি।

‎তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থনীতিতে তাদের অবদান স্বীকৃত হলে রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের গণতান্ত্রিক অংশগ্রহণের অধিকারও কার্যকরভাবে নিশ্চিত করা প্রয়োজন।

‎দাবি বাস্তবায়নে আইনসম্মত ও অহিংস গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। প্রয়োজনে আদালতের আইনি পথ, জনমত গঠন এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি তুলে ধরার কথাও জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর