চট্টগ্রাম: জেলার হাটহাজারী থানার অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিসকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব-৭। মোহাম্মদ ইদ্রিস হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী এলাকার মৃত ফেজু মিয়া প্রকাশ হামিদ আলীর ছেলে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাটহাজারী থানার নন্দিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হাটহাজারী থানার অস্ত্র আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিস ওই এলাকায় অবস্থান করছেন। পরে র্যাবের একটি দল নন্দিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গ্রেফতারের পর ইদ্রিস-কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।