চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও বউয়ের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবেশী মোহাম্মদ রাশেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জমিলা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয়।
নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি এলাকার মো. নুরুল আলমের ছেলে। গ্রেপ্তার জমিলা আক্তার একই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার পূর্ব জলদিতে বউ জমিলা আক্তার এবং শাশুড়ি হোসেনে আরার মধ্যে পারিবারিক কলহ থেকে ঝগড়া শুরু হয়। পার্শ্ববর্তী বাড়ির মোহাম্মদ রাশেদ তাদের ঝগড়া থামাতে গেলে তাকে ভারী লাঠি দিয়ে মাথায় আঘাত করে জমিলা আক্তার। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যায়। বুধবার সকালে (২৩ সেপ্টেম্বর) চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, বউ-শাশুড়ির মধ্যে ঝামেলা হয়। একপর্যায়ে রাশেদের মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জমিলা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।