Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর ২০২৬ ১৩:১৯

কোলাজ ছবি: সারাবাংলা

ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের মদিনায় বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ওই কেন্দ্র থেকেই মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে জোটটি জানায়, হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি। জোটের দাবি, ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা ও তদন্তে মঙ্গলবারের হামলায় হুতিদের পরিকল্পনা ও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

তবে হুতিদের সামরিক বাহিনীর একটি সূত্র এ অভিযোগ অস্বীকার করেছে। হুতিদের নিয়ন্ত্রিত সানা নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে ওই সূত্র সৌদি জোটের দাবি মিথ্যা বলে অভিহিত করেছে। তাদের দাবি, এর মাধ্যমে মক্কায় হামলার আগের অভিযোগের পক্ষে প্রমাণ দিতে সৌদি আরবের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় কর্মকর্তারা শুক্রবার (২ অক্টোবর) সকালে জানান, হুতিরা এডেনে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর কমান্ড সদর দফতর লক্ষ্য করেও কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ বিষয়ে সৌদি জোট বা হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, সৌদি আরব দাবি করেছিল, মক্কার দক্ষিণে হুতিদের একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। ড্রোনটি শহরের নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয় বলে জানায় সৌদি জোট। জোটের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের পর এটি ছিল মক্কাকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় প্রচেষ্টা। তবে হুতিরা মক্কা কিংবা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানে হামলার লক্ষ্য থাকার কথা অস্বীকার করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা মক্কা ও মদিনার পবিত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। মুসলিমদের উসকানি দেওয়ার উদ্দেশ্যেও এসব হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জোট। পবিত্র স্থান ও হজযাত্রীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছে তারা।

এদিকে হুতিরা সৌদি রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য এলাকায় বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সৌদি আরব তাৎক্ষণিকভাবে এসব হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

সৌদি জোট আরও জানিয়েছে, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইত শহরের দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর সীমান্তপারের হামলা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। চলতি বছর জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা এবং সৌদি ভূখণ্ড ও জাহাজে হামলা শুরুর পর পরিস্থিতির অবনতি ঘটে। একই সময়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলেও হুতিরা উল্লেখযোগ্য এলাকা দখল করে। জবাবে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালানোর পাশাপাশি হুতিদের প্রতিহত করতে সরকারি বাহিনীকে সমর্থন দিয়ে আসছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর