Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানবিকতা ও আইনি সিদ্ধান্তের পরিণতি বুঝে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৬ ১৪:১১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৫:৩২

বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল – ছবি : সংগৃহীত

ঢাকা: মানবিকতা ও আইনি সিদ্ধান্তের পরিণতি অনুধাবন করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, প্রতিটি মামলার নথি বা ফাইলের পেছনে একজন মানুষ, একটি পরিবার কিংবা একটি সমাজের ভাগ্য জড়িয়ে থাকে। তাই প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিও জরুরি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইন পেশাকে গভীর দায়িত্বশীলতার পেশা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আইন কেবল কিছু ধারা, বিধান বা নজিরের সমষ্টি নয়। মানুষের অধিকার রক্ষা, বিরোধ নিষ্পত্তি, ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা এবং প্রতিটি নাগরিকের মর্যাদার সঙ্গে সুবিচার পাওয়ার পথ তৈরি করাও আইনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ইন্টার্নদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে আইনজীবী, গবেষক কিংবা নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাগত সততা ও নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতির বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সাংবিধানিক দায়িত্ব তুলে ধরে মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে এই কার্যালয়ের দায়িত্ব শুধু আদালতে সরকারের প্রতিনিধিত্ব করার মধ্যে সীমাবদ্ধ নয়। সাংবিধানিক শাসন সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনস্বার্থ রক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখাও এ কার্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল। কর্মসূচি বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইন্টার্নদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ইন্টার্নশিপ কর্মসূচি থেকে অর্জিত অভিজ্ঞতা তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবান হতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

অন্দরসজ্জায় ক্যাকটাসের রঙ
১৩ অক্টোবর ২০২৬ ১৫:৪২

জয়ার প্রেমে পড়ার বারণ!
১৩ অক্টোবর ২০২৬ ১৫:৩০

আরো

সম্পর্কিত খবর