Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার সার্ভেয়ারের ২ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেট
৯ নভেম্বর ২০২৬ ১৬:৫৫ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ১৭:৫৭

গ্রেফতার সার্ভেয়ার মো. আসাদুল ইসলাম।

ঢাকা: রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হাফিজুর রহমান আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী দেলোয়ার জাহান রুমি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

দুদকের রিমান্ড আবেদনে বলা হয়, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরি করে দেওয়ার বিনিময়ে অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন সার্ভেয়ার আসাদুল ইসলাম।

আবেদনে উল্লেখ করা হয়, মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি।

তবে প্রায় ছয় মাসেও কাজ শেষ না হওয়ায় একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন মনিরুল। একপর্যায়ে তাকে সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরে ঘুষ দাবির বিষয়টি তিনি দুদককে জানান।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ অভিযান পরিচালনার পরিকল্পনা করে।

যেভাবে ধরা পড়েন সার্ভেয়ার

দুদকের অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে এক লাখ টাকা ঘুষ দেন মনিরুল ইসলাম। টাকা গ্রহণের পর আসাদুল তা তার ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন।

এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দুদকের ফাঁদ দলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে ওই টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের একটি খামে রাখা ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

দুদকের আবেদনে বলা হয়েছে, উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে অভিযোগকারীকে আগে সরবরাহ করা টাকার নম্বরের হুবহু মিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আসাদুল ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

ঘুষ গ্রহণের ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য উদ্‌ঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল দুদক। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আহ্বান
১০ নভেম্বর ২০২৬ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর