সারাবাংলা ডেস্ক
সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় পাকিস্তানকে প্রস্তাবিত ২৫ কোটি ৫০ লাখ ডলারের আর্থিক সাহায্য বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দৈনিক ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান যেন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইসলামাবাদকে আর্থিক সাহায্য বন্ধ করারও হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
তারপরও ওয়াশিংটনের পক্ষ থেকে পাকিস্তানকে আগস্টে অর্থ সাহায্য দেওয়া হয়েছিল। ২০০২ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত পাকিস্তানকে ৩৩ হাজার কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র।
দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানকে ২৫ কোটি ৫০ লাখ ডলার দেয়ার বিষয়টি অনেকদিন থেকে থমকে রয়েছে। কারণ, সন্ত্রাস মোকাবেলায় পাকিস্তানের ভূমিকায় মোটেই সন্তুষ্ট নয় ওয়াশিংটন।
এর আগে ট্রাম্প মন্তব্য করেন, যারা হিংসা, সন্ত্রাস তৈরি করে পাকিস্তান তাদের নিরাপদ আবাসস্থল।
এদিকে বুধবার (২৬ ডিসেম্বর) কাবুলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছিলেন, সন্ত্রাস মোকাবেলায় পাকিস্তানের গতিবিধি পর্যবেক্ষণ করছে আমেরিকা।
সারাবাংলা/এমএইচটি