Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিম্ন আদালতের অর্ধশত বিচারকের দুর্নীতি তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৪:২৪

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: দেশের অধস্তন আদালতের অর্ধশতাধিক বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবৈধ, অবিশ্বাস্য সম্পদ অর্জন এবং দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিমুল এহসান জোবায়ের এ রিট দায়ের করেন।

আইন সচিব, দুদক চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

গত ১৬ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার অ্যাকাউন্টে শতকোটি টাকা অনেকের’-শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি করা হয়েছে।

প্রতিবেদনের একাংশে বলা হয়, বিচার বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদের তথ্যপ্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অনেকেই অবৈধ উপায়ে শতশত কোটি টাকার মালিক হয়েছেন। কেউ কেউ আবার হাজার কোটি টাকার মালিক। অনেকের আলিশান ফ্ল্যাট রয়েছে দেশে ও বিদেশে। কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনেছেন বেশ কয়েকজন। শত শত বিঘা জামির মালিকানা অর্জন করেছেন কয়েকজন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে বিচার বিভাগের ৫১ জনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। দুদকের কাছে তাদের নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যও রয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ