Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব: বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১২:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চলতি বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি। সোমবার (১৩ জুলাই) রাতে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন সংক্রান্ত আলোচনায় এ ব্যাপারে দলটি একমত হন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যায়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সিদ্ধান্তগুলো তুলে ধরতে গিয়ে এ তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, সভায় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভা মনে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাবে। যেহেতু নির্বাচন কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে সেহেতু জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কারণ নেই। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নই ওঠে না। ২০২৫ সালের জুলাই মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সভা এ বিষয়ে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলকে ঐক্যমতে আসার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল জানান, সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই আইন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্বলিত একটি সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে প্রধান করে প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামান ও ব্যরিষ্টার কায়সার কামালকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি অবিলম্বে এ বিষয়ে প্রতিবেদন প্রস্তুত করবে।

তিনি জানান, সভায় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সভা মনে করে। এ বিষয়ে একটি বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অবিলম্বে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবে।

সারাবাংলা/এজেড/ইআ