Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত তিন কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির সঙ্গে যুক্তদের একাংশ। এর ফলে লালখান বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত একদর শিক্ষার্থী লালখান বাজার এলাকায় ফ্লাইওভারে ওঠার প্রবেশমুখে মূল সড়কের একপাশে অবস্থান নিয়ে আছেন। তবে সড়কের অন্যপাশ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

এর আগে, কমিটি প্রত্যাখানকারী শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে ঘোষিত কমিটি বাতিলের জন্য কেন্দ্রকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সংবাদ সম্মেলন শেষ করে সেখান থেকে মিছিল নিয়ে লালখান বাজার এলাকায় গিয়ে শিক্ষার্থীরা সড়কে বসে পড়েন। অবরোধকারীরা ঘোষণা দিয়েছেন, কমিটি বাতিল না হলে তারা সড়ক থেকে সরবেন না।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে আগামী ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগরে ৩১৫, উত্তর জেলায় ১১২ ও দক্ষিণ জেলায় ৩২৭ সদস্যবিশিষ্ট তিনটি কমিটির অনুমোদন দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। তিনটি কমিটিতে মোট ৭৫৪ জনের নাম আছে। কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এ কমিটির অনুমোদন দেন।

কমিটি প্রত্যাখানকারী শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে। ত্যাগীদের কমিটিতে স্থান দেওয়া হয়নি। ছাত্রলীগের দোসর ও কিশোর গ্যাং সদস্যদের কমিটিতে যুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক ও সদ্য ঘোষিত নগর কমিটির যুগ্ম আহবায়ক চৌধুরী সিয়াম ইলাহী বলেন, ‘কেন্দ্র থেকে যে তিনটি কমিটি হয়েছে সেগুলো একপাক্ষিক। ২৪’র স্পিরিটের সঙ্গে বেঈমানী করা হয়েছে। আন্দোলনে যারা ছিল তাদেরকে কমিটিতে না রেখে যারা ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে এসে জ্বালাময়ী বক্তব্য রেখেছে তাদেরকে আহবায়ক, সদস্যসচিব করা হয়েছে। যারা আন্দোলনে মূখ্যভূমিকা পালন করেছে তাদেরকে মাইনাস করে এ কমিটি গঠন করা হয়েছে।’

‘এ কমিটিতে সনাতনীসহ অন্যান্য ধর্মালম্বীদের কোনোভাবে মূল্যায়ন করা হয়নি। নারী সহযোদ্ধা যারা ফ্রন্ট লাইনে ছিল তাদের অবমূল্যায়ন করা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার কেন্দ্রের। আমাদের যাদের এ কমিটিতে বিভিন্ন পদে রাখা হয়েছে আমরা এ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করছি। সে সঙ্গে আমরা ওই কমিটিগুলো থেকে পদত্যাগের ঘোষণা করছি।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ মঙ্গলবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সন্ধ্যার মধ্যে কমিটি বাতিল না করলে তিনি সংগঠন থেকে পদত্যাগ করবেন।

সারাবাংলা/আরডি/ইআ