Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ‘অবরুদ্ধ’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৫:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করে পুলিশকে খবর দিয়েছেন একদল শিক্ষার্থী। তাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী শরীফ মাহমুদকে গ্রেফতার করতে হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বনানী কমপ্লেক্স সংলগ্ন বাংলাদেশ বেতার ভবনে নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করা হয়।

অবরুদ্ধকারী শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে ডবলমুরিং থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এছাড়া জেলা প্রশাসনের একটি টিমও সেখানে পৌঁছেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত উল্লেখ করে কয়েকজন শিক্ষার্থী আমাকে ফোন করেছিলেন। তারা বলেছেন, শরীফ মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ছিলেন। তিনি আন্দোলনের বিরোধী ভূমিকায় ছিলেন, এজন্য তাকে গ্রেফতার করতে হবে। আমাদের থানা থেকে একটি টিম গেছে। উনার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।’

‘শিক্ষার্থীরা জেলা প্রশাসক মহোদয়কেও কল করেছিলেন। তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বেতার ভবনে পাঠিয়েছেন। ম্যাজিস্ট্রেট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। জেলা প্রশাসকের নির্দেশ পেলে আমরা ওই কর্মকর্তাকে গ্রেফতার করবো,’ – বলেন ওসি।

উল্লেখ্য, মো. শরীফ মাহমুদ অপু আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকবছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করে বাংলাদেশ বেতারে পাঠানো হয়।

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

আরো