Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউইয়র্কে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টায় এনসিপির নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৪:০৪

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং জুলাই অভ্যুত্থানের নেতা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা হামলার চেষ্টা চালিয়ে কনস্যুলেট অফিসে ভাঙচুর করেছে, যা সরাসরি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সহিংস আক্রমণ। দলটি এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলার মাধ্যমে আওয়ামী লীগ আবারও তাদের ‘ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও মাফিয়া চরিত্রের বহিঃপ্রকাশ’ ঘটিয়েছে। তারা শুধু জুলাই গণহত্যা অস্বীকারেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে এনসিপির অভিযোগ।

বিজ্ঞাপন

এনসিপি দাবি করেছে, টকশো, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যাকে স্বাভাবিকীকরণের অপচেষ্টা, কলকাতায় আওয়ামী লীগ কার্যালয় স্থাপন এবং অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন—সবই বৃহত্তর চক্রান্ত ও সন্ত্রাসী রাজনীতির ধারাবাহিকতা।

ঘটনার প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়নি বলে উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। দলটি দ্রুত রাষ্ট্রীয় অবস্থান ও পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

একইসঙ্গে যুক্তরাষ্ট্র সরকারকে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষিতে দলটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছে এনসিপি। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে— আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে মার্কিন কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করার জন্য।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর