Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুছাব্বির হত্যায় নির্বাচনবিরোধী অপশক্তি জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ২১:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে নির্বাচনবিরোধী অপশক্তি জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিহত মুছাব্বিরের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘মুছাব্বিরকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। যারা নির্বাচন চায় না, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচনবিরোধী, সেই জাতীয় অপশক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে। অবিলম্বে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পতিত স্বৈরাচার নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে তা দমন করতে হবে।’

এ সময় তিনি মুছাব্বিরের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘নিহতের স্ত্রী ও সন্তানদের সারাজীবনের প্রয়োজনীয় সব দায়িত্ব দলীয়ভাবে বিএনপি গ্রহণ করবে।’

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুছাব্বির। রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর