ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবেই দেখতে চায় জনগণ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড ফেজবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা সব সময় অক্ষুণ্ণ রাখা আবশ্যক। স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক একের পর এক পরস্পরবিরোধী এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ পাওয়ায় সাধারণ মানুষের মাঝে নানা ধরনের অপ্রয়োজনীয় প্রশ্ন ও সংশয় তৈরি হচ্ছে। সম্ভাব্য সময়সূচির বিষয়টি এক পক্ষ থেকে ঘোষণা করা হলেও পরবর্তীতে অন্য পক্ষ আলোচনা না হওয়ার কথা জানাচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনমনে নানামুখী বিভ্রান্তি ছড়াচ্ছে।
নির্বাচন অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারণ সংক্রান্ত যে অস্পষ্টতা তৈরি হয়েছে, তা নিরসনের তাগিদ দিয়ে জাতীয় নাগরিক পার্টির এই নেতা সামাজিক মাধ্যমটিতে লেখেন, একদিকে স্থানীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আগাম তথ্য দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে সরকারের সংশ্লিষ্ট তরফ থেকে বলা হচ্ছে এ বিষয়ে পূর্বে কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি। এর পাশাপাশি স্বয়ং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারিখ এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করার তাগিদ দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, যা দেশের সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান মৌলিক স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করে। তিনি আরও বলেন, এই সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতিটি বক্তব্য হওয়া উচিত অত্যন্ত স্পষ্ট, একক, সুসংহত এবং সঠিক তথ্যের ওপর প্রতিষ্ঠিত। প্রাতিষ্ঠানিক মর্যাদা ও দেশের মানুষের মৌলিক আস্থা ধরে রাখতে যেকোনো ধরনের অনভিপ্রেত বিতর্ক এড়িয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া নির্বাচন কমিশনের জন্য অপরিহার্য।