Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ১৯:১৭

-ছবি : সংগৃহীত

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য ছড়িয়ে পড়াকে ‘অশুভ সংকেত’ হিসেবে উল্লেখ করে তা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত ‘২য় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ সবসময়ই দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তাদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, বর্তমান তথ্যপ্রবাহের যুগে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের গণমাধ্যম বিষয়ে সচেতনতা এবং দায়িত্বশীল যোগাযোগ দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

নটরডেম কলেজে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, এর আগেও তিনি বন্ধুদের সঙ্গে এই প্রতিষ্ঠানে এসেছেন। সেই সময়ের নানা স্মৃতি এখনো তাঁর মনে গেথে আছে। এই ক্যাম্পাসে এসে পুরোনো অনেক স্মৃতি ফিরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ধরনের মিডিয়া কার্নিভাল ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীরা সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চায় আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ইয়াসের খান চৌধুরী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অপতথ্য প্রতিরোধসহ সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের বিষয়ে অত্যন্ত আগ্রহী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ক্ষেত্রে সরকারের সমর্থন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি; ফাদার অ্যান্টনি গোমেজ রোজারিও, সিএসসি; নটরডেম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের মডারেটর শাপলা বনিক; ‘দ্য বাংলাদেশ ডায়লগ’-এর চেয়ারম্যান রুবায়েত মান্নান রাফি; এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ডিভিশন আনিসুর রহমান মজুমদার; চায়না এডুকেশন বাংলাদেশের সিইও সাজ্জাদ হোসেন এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিমরান রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নটরডেম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে ২ ও ৩ অক্টোবর দুই দিনব্যাপী ‘২য় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মিডিয়া, যোগাযোগ, গবেষণা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এ কার্নিভাল আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর