ঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান দলটির কেন্দ্রীয় নেতারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, ‘মেজর (অব.) আখতারুজ্জামান সাহেবকে বিএনপি বন্দি করেনি, বরং তাঁর সত্যের পথে, হকের পথে আসার অভিষেক অনুষ্ঠান বাকি ছিল। বিএনপি সেই অভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন করতে সাহায্য করেছে।’
তিনি বলেন, ‘বিএনপিকে ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামান সাহেব অনেক দিন ছিলেন। তখন তাকে দেশ ও দুনিয়া যতটুকু চিনতে পারেনি, এই এক মাসে তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ তাঁকে চিনেছে। আপনাদের এই অন্যায়ের জন্য একদিন জাতির সামনে ক্ষমা চাইতে হবে।’
সেলিম উদ্দিন আরও বলেন, ‘আজ মেজর (অব.) আখতারুজ্জামানের সাহসী কণ্ঠের কারণে বিমানবন্দর দালালচক্রের হাত থেকে মুক্ত হয়েছে। আগামী দিনে এভাবে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে জামায়াতের কর্মীরা একেকটি বুলেট হয়ে অন্যায়কে প্রতিহত করবে এবং বাংলাদেশে সত্য প্রতিষ্ঠা করবে।’
তিনি বলেন, দেশকে স্বাধীন করার জন্য মেজর (অব.) আখতারুজ্জামান যেভাবে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করেছেন, আগামী দিনেও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
আগামী দিনের বাংলাদেশকে মানুষের জীবনের প্রকৃত মুক্তি ও শান্তির বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সেলিম উদ্দিন বলেন, দেশ ও মানুষের কল্যাণে যা যা করা প্রয়োজন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তাঁরা তা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা জামায়াতের আমির দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য কামাল হোসেন, সংসদ সদস্য জয়নাল আবেদীন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, আইনজীবী রুকন রেজাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।