Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে : রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৭:৪৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী -ছবি : সংগৃহীত

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬)  জাতীয় প্রেসক্লাবে  মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি পলাতক শক্তিকে সতর্ক করে বলেন, মানুষের ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই স্মরণ ও আলোচনা সভার আয়োজন করে।

বক্তব্যে রুহুল কবির রিজভী আওয়ামী লীগের কড়া সমালোচনা করে বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলে আখ্যায়িত করেছিলেন। রিজভীর দাবি, আজ সেই দলের নেতারাই ভারতে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা এবং ককটেল হামলা চালাচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশের ভেতরে কিছু লোককে ব্যবহার করে বোমাবাজি করাচ্ছেন।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও উল্লেখ করেন যে, দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম ও চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। তাঁর মতে, আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই পুরোনো ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজি ও বিশৃঙ্খলার মাধ্যমে রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা চালানো হচ্ছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমিয়ে রাখা যাবে না বলে তিনি মন্তব্য করেন।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করে গেছেন। ১৯৫৭ সালেই তিনি উপলব্ধি করেছিলেন যে পাকিস্তান রাষ্ট্রকাঠামো টিকবে না এবং এই ভূখণ্ড স্বাধীন হবে। সে সময়ই তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন এবং মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে এবং ১৯৭৬ সালে ঐতিহাসিক ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে স্মরণ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি আক্ষেপ করে বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি এবং উত্তর প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে তাঁর সংগ্রামী জীবন নিয়ে আরও গভীর গবেষণা হওয়া প্রয়োজন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো