Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ডাবল সুপার ওভারের ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকার স্মরণীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার দেখা গেল ডাবল সুপার ওভারের মহারণ। আহমেদাবাদে ‘ডি’ গ্রুপের শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে নাটকীয়ভাবে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মূল ম্যাচের পর সুপার ওভারেও টাই হয়। পরে দ্বিতীয় সুপার ওভারে শেষ হাসি হেসেছে প্রোটিয়ারা। বিশ্বকাপে দ্বিতীয় সুপার ওভারের এটাই প্রথম ঘটনা।

টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ১৮৭ রান। কুইন্টন ডি কক ৪১ বলে ৫৯ এবং রায়ান রিকেলটন ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। পরে ডিওয়াল্ড ব্রেভিস (২৩) ও ডেভিড মিলার (২০) দলের সংগ্রহকে চ্যালেঞ্জিং জায়গায় নিয়ে যান।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ৪২ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন। তবে মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। নাটকীয় সেই ওভারে কাগিসো রাবাদার নো বল ও ওয়াইডে ম্যাচে ফেরে আফগানিস্তান। নুর আহমেদের ছক্কায় উত্তেজনা চরমে পৌঁছে। শেষ পর্যন্ত রান আউটে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

বিজ্ঞাপন

প্রথম সুপার ওভারে লুঙ্গি এনগিদিকে টানা বাউন্ডারিতে চাপে ফেলেন আজমতুল্লাহ ওমরজাই। সুপার ওভারে আফগানিস্তান তোলে ১৭ রান। জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে ডেভিড মিলার ও ট্রিস্টিয়ান স্টাবসও ১৭ রান তুললে আবারও ম্যাচ টাই হয়।

দ্বিতীয় সুপার ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের করা ওভারে মিলার ও স্টাবস মিলে তোলেন ২৩ রান। ২৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ নবি দ্রুত আউট হলেও রহমানুল্লাহ গুরবাজ কেশব মহারাজকে টানা তিন ছক্কা মেরে ম্যাচ জমে তোলেন। তবে শেষ বলে ক্যাচ দিয়ে আউট হলে ৪ রানে হেরে যায় আফগানিস্তান।

এই জয়ে দক্ষিণ আফ্রিকা গ্রুপে শক্ত অবস্থান নিশ্চিত করেছে। অন্যদিকে জয়ের খুব কাছে গিয়েও পরাজয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে ওঠার আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেল রশিদ খানের আফগানিস্তানের।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর