Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উৎকণ্ঠা শেষে দেশে ফিরলেন মুশফিকুর রহিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১২:৩৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পবিত্র উমরাহ পালন শেষে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতার কারণে কয়েক দফা ভ্রমণ জটিলতায় পড়ার পর আজ সকাল ১০টায় ঢাকায় পৌঁছান তিনি। তার নিরাপদ প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে ভক্ত-সমর্থকদের মাঝে।

উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন মুশফিক। পরিকল্পনা ছিল সেখান থেকে দুবাই হয়ে দেশে ফেরার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশসীমা বন্ধ হয়ে গেলে নির্ধারিত ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটে। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে জেদ্দা বিমানবন্দরেই অবস্থান করতে হয় তাকে এবং আরও অনেক যাত্রীকে।

বিজ্ঞাপন

রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দেশে ফেরার খবর জানান মুশফিক। তিনি লেখেন, ‘বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানের ফ্লাইটে চেপে বসেছি। ইনশাআল্লাহ কাল সকালে ঢাকা থাকব। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করেছেন এবং দোয়া করেছেন তাদের ধন্যবাদ, আল্লাহ যেন আমাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেন।’

এর আগে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে বিষয়টি নজরে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর