Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এক বছরের জন্য নিষিদ্ধ শুটার কামরুন নাহার কলি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের অন্যতম সেরা নারী শুটার কামরুন নাহার কলিকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

প্রায় এক মাস আগে কলিকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেয় ফেডারেশন। কলি লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করলেও তা গ্রহণযোগ্য হয়নি বলে জানানো হয়েছে ফেডারেশনের বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক জি এম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন হয়রানি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছিলেন কলি। অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সাজ্জাদকে শুটিং ফেডারেশনের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

কলি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) স্কলারশিপপ্রাপ্ত শুটার। তার নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সংস্থাটির সহ-সভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ বলেন, ‘কলির বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর মধ্যে নিষেধাজ্ঞার এমন সিদ্ধান্ত অনভিপ্রেত। যেহেতু সে আইওসি স্কলারশিপ হোল্ডার, তার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে ফেডারেশনের উচিত ছিল অলিম্পিকের সঙ্গে আলোচনা করা। অলিম্পিকের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে যৌক্তিক অবস্থানে পৌঁছানোর চেষ্টা করা হবে।’

এদিকে শুটিংয়ের অনেকের ধারণা, সাজ্জাদের বিরুদ্ধে সরব হওয়ায় প্রতিহিংসার শিকার হয়েছেন কলি। যদিও ফেডারেশন এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সারাবাংলা/এসএইচএস