Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন জ্যোতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৯

চার বছরের নেতৃত্বের অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমস শেষ হওয়ার পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আর থাকবেন না। নিজের সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েও দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।

দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার পর দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন জ্যোতি। ভারতের বিপক্ষে এশিয়ান গেমসের সেমিফাইনালে ১১৪ রানের হারের পর জ্যোতি বলেন, ‘আমার কাছে মনে হয় একজন ব্যাটার এবং একজন ক্রিকেটার হিসেবে দেশকে বা দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, এজন্যই এই সিদ্ধান্ত।’

বিজ্ঞাপন

২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন জ্যোতি। ২০২৬ সালের এশিয়া কাপ পর্যন্ত ৮১ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে তাঁর জয় ৩২টি, বিপরীতে হার ৪৮টি।

জ্যোতির অধিনায়কত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্কটল্যান্ডকে হারিয়ে তাঁর নেতৃত্বেই দীর্ঘ প্রায় এক দশক পর বিশ্বকাপে জয়ের দেখা পায় বাংলাদেশ। বিশ্বকাপে জ্যোতির দল নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারায় বাংলাদেশ।

তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে জ্যোতির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এশিয়া কাপে চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান। বিশ্বকাপের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হার, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশিত ফল না পাওয়া এবং এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায়—সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। সেই সময় জ্যোতির নেতৃত্ব নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

তবে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের নেতৃত্বে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন জ্যোতি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর