Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেসির বিদায়ী ম্যাচে থাকবেন দি মারিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৬

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ—সেই মুহূর্তটা কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না আনহেল দি মারিয়া। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। বিশেষ সেই রাতে গ্যালারিতে থাকার পরিকল্পনা করেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ দি মারিয়া।

ক্লাউসুরা টুর্নামেন্টে আরজেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ত্রালের জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দি মারিয়া। জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে রেসিং ক্লাবের ম্যাচের পর বুয়েনস আইরেসেই থেকে যাওয়ার ইচ্ছা তাঁর। সেখান থেকেই পরদিন মেসির বিদায়ী ম্যাচ দেখতে যাবেন তিনি।

বিজ্ঞাপন

নিজের পরিকল্পনা জানাতে গিয়ে দি মারিয়া বলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? গ্যালারিতে বসে দেখতে হবে। ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে খেলা রয়েছে, তাই ওই দিনটায় হয়তো সেখানেই থেকে যাব। আমার পথেই পড়ে, আমি নিশ্চিতভাবেই যাব।’

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে বলেও মনে করেন দি মারিয়া। এত বছর ধরে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া মেসির অনুপস্থিতি পূরণ করা সহজ হবে না বলে স্বীকার করেছেন তিনি।

এ প্রসঙ্গে দি মারিয়ার ভাষ্য, ‘কাজটা বেশ কঠিন হতে যাচ্ছে, তা-ই না? এত বছর পর, আর্জেন্টিনা, আর্জেন্টিনার মানুষ এবং পুরো বিশ্বকে তিনি যা দিয়েছেন—তারপর লিওকে ছাড়া একটা দল কল্পনা করা! যাই হোক, শেষ দিনটা আমরা সবাই উপভোগ করব।’

তিন ম্যাচের সিরিজে মেসি কেবল বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটিতেই খেলবেন। তাঁর সঙ্গে মাঠে দেখা যেতে পারে দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোকে। ফলে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি পুরোনো সতীর্থদের উপস্থিতিতে আরও বিশেষ হয়ে উঠতে পারে।

শুধু বর্তমান সতীর্থরাই নন, ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও এই ম্যাচের অংশ হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। পরিবার নিয়ে মনুমেন্তালের গ্যালারিতে বসে মেসির বিদায়ী মুহূর্ত উপভোগ করার জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর