জাপানের কাছে হারের পর নানান সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। সেই সমালোচনার জবাব মাঠেই দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সিঙ্গাপুরকে একরকম উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির দল। হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সব মিলিয়ে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। যদিও ফিফা র্যাংকিংয়ে সিঙ্গাপুর অনেকটা পিছিয়ে।
মঙ্গলবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। নবম মিনিটে ব্রুনো গিমারায়েসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদ তারকা। এবার প্রতি-আক্রমণ থেকে এন্দ্রিকের পাস পেয়ে জালে বল পাঠান ভিনি।
২১ মিনিটে পূর্ণ হয় ভিনিসিয়ুসের হ্যাটট্রিক। এস্তেভাওর বাড়ানো বল থেকে কাছাকাছি দূরত্বে ফাঁকায় দাঁড়িয়ে গোল করেন। জাতীয় দলের জার্সিতে এটি ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক। জাপানের বিপক্ষে আগের ম্যাচে দলের তিনটি গোলের দুটিই করেছিলেন ভিনিসিয়ুস। সিঙ্গাপুরের বিপক্ষে এবার একাই তিনবার জালের দেখা পেলেন।
ব্রাজিলের গোল উৎসব অবশ্য সেখানেই থামেনি। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান ৪-০ করেন এন্দ্রিক। বিরতিতে যাওয়ার আগে আরও দুটি গোল করলেও অফসাইড ও ফাউলের কারণে সেগুলো বাতিল হয়। ফলে চার গোলের লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আক্রমণের ধার কমেনি। ৫১ মিনিটে এস্তেভাওর শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ৫-০। ৬৫ মিনিটে অ্যালানের পাস থেকে গোল করেন রায়ান। এরপর ৭৪ মিনিটে অ্যালানের শট সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমির গায়ে লেগে নিজেদের জালে ঢুকে যায়। তাতে সপ্তম গোল পায় ব্রাজিল।
তবে গোলের ব্যবধান আরও বড় হতে পারত। ম্যাচে ব্রাজিলের তিনটি গোল বাতিল হয়েছে। এর মধ্যে দুটি অফসাইডের কারণে, অন্যটি ফাউলের জন্য। স্বাগতিক সিঙ্গাপুর কয়েকটি আক্রমণের সুযোগ তৈরি করলেও ব্রাজিলের রক্ষণ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।