Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখের বেশি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ২০:৩৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ২২:৩৮

জাতীয় সংসদ অধিবেশন। ফাইল ছবি

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, দেশের সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দফতরগুলোতে বর্তমানে পাঁচ লাখের বেশি পদ শূন্য রয়েছে। বিপুলসংখ্যক এসব শূন্যপদ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পূরণে ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি বিশেষ সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এরই মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নে নিয়োগ কার্যক্রমও পুরোদমে শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের লিখিত উত্তরে এসব তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।

সংসদে উপস্থাপিত তথ্যে জানানো হয়, গত বছরের জুন পর্যন্ত পাওয়া হালনাগাদ প্রতিবেদন ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী সরকারি খাতে মোট অনুমোদিত পদ রয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। তবে এসব পদের বিপরীতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি পড়ে আছে।

বিজ্ঞাপন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী লিখিত জবাবে জানান, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সরকারি শূন্য পদগুলো পূরণের লক্ষ্যেই এই সময়াবদ্ধ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অন্যান্য সব মন্ত্রণালয় ও বিভাগে সর্বশেষ নিয়োগের অবস্থা এবং শূন্য পদের হালনাগাদ তথ্য পাঠানোর তাগিদ দিয়ে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে।

পাশাপাশি সকল মন্ত্রণালয় ও বিভাগকে দ্রুততম সময়ের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং শূন্য পদের বিপরীতে ধাপে ধাপে লোকবল নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনায় জনপ্রশাসনসহ অন্যান্য দফতরগুলোতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে জোর প্রস্তুতি চলছে বলেও লিখিত প্রশ্নের জবাবে জানানো হয়।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

চট্টগ্রামে তেলের গোডাউনে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২১:০৭

আরো

সম্পর্কিত খবর