ঢাকা: দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারত্ব এবং জনগণের আস্থাকে সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন এটাই জাতির প্রত্যাশা। দিবসটি উপলক্ষ্যে তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিল। সশস্ত্র বাহিনীর সেই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।
বাণীতে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারত্ব সুদৃঢ় করেছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখে এই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন।
বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি জানান, সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ নীতি’ নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। বাণীর শেষে তিনি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।