Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুবিতে নির্মিত হচ্ছে উন্মুক্ত ব্যায়ামাগার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১১:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত হচ্ছে উন্মুক্ত ব্যায়ামাগার (আউটডোর জিম)। বিশ্বের বিভিন্ন উন্মুক্ত স্থানের ব্যায়ামাগারের আদলে এটি গড়ে তোলা হচ্ছে, যেখানে খোলা পরিবেশে শরীরচর্চার জন্য থাকবে প্রয়োজনীয় অবকাঠামো।

বুধবার (২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে এই ব্যায়ামাগারের নির্মাণকাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেবল একাডেমিক শিক্ষা নয়, সমন্বিত মানবিক উন্নয়নের ক্ষেত্র হিসেবেও কাজ করে। শিক্ষার্থীদের মানসিক চাপ হ্রাস, শারীরিক ফিটনেস বৃদ্ধি এবং ক্যাম্পাসে একটি স্বাস্থ্যসচেতন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, উন্মুক্ত ব্যায়ামাগার নির্মাণ কমিটির সভাপতি প্রফেসর ড. মো. এনামুল কবীর, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. পারভেজ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন ও মঈনুল ইসলাম, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ বিভিন্ন ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাবের প্রতিনিধি, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।

নির্মাণকাজ উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এতে জুলাই অভ্যুত্থানে শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

শারীরিক শিক্ষা চর্চা বিভাগ সূত্রে জানা গেছে, কটকা স্মৃতিস্তম্ভ সংলগ্ন খোলা জায়গায় এই ব্যায়ামাগার স্থাপনের কাজ শুরু হয়েছে। এখানে থাকবে ওয়াকার, প্যাডেল বাইক, চেস্ট প্রেস, পুল-আপ স্টেশনসহ শরীরচর্চার নানা সরঞ্জাম। উন্মুক্ত এই ব্যায়ামাগার শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াবে।

সারাবাংলা/এনজে