Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

বাকৃবি করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৯:২১

প্রতিবাদ সভা।

বাকৃবি: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগ ওঠার পর চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের আমতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এ্যাব-এর সাবেক নেতারা, পেশাজীবী, শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের প্রতিবাদী কৃষিবিদরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশটি কৃষিবিদ ড. মো. সাদেকুজ্জামানের সঞ্চালনায় এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কেআইবির মতো একটি পেশাজীবী প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন, চাপ প্রয়োগ এবং ভিন্নমত দমনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ নিয়ে প্রতিবাদ জানানোর পর কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি এ্যাব ঢাকা জেলা চ্যাপ্টারের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ১ নম্বর সহ-সভাপতি এবং ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এমন একজন পেশাজীবী নেতার ওপর প্রকাশ্যে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও বক্তারা মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৪ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ পারভেজের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। পরে ১৬ জুন হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কৃষিবিদ সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তাদের অভিযোগ, পারভেজের ওপর হামলার ঘটনায় এ্যাব সদস্য ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত কিছু ব্যক্তির নাম উঠে এসেছে। তাদের দাবি অনুযায়ী, ঘটনার নেতৃত্বে ছিলেন কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সমাবেশে বক্তারা আরও বলেন, পেশাজীবী সংগঠনের ভেতরে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব, ভয়ভীতি প্রদর্শন বা রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ দেওয়া যাবে না। তারা হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি এবং কেআইবির মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।

তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর