Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কটূক্তির অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৬ ১৫:৩০

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে স্কুলশিক্ষক গোলাম কিবরিয়াকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: জেলার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয় বলে বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

মাহদী আমিনের পোস্ট অনুযায়ী, দৌলতপুরের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে শিক্ষকের মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন। পরে সংশ্লিষ্ট থানাকে শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে নিরাপদে তার বাসায় পৌঁছে দেয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়া শিক্ষককের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শিক্ষককে রাতেই নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।’

এর আগে বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শিক্ষক লালন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরদিন সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর