Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেঘনায় ইলিশ ধরায় ১২ জেলে আটক, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ০৯:০১ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬ ১৪:২৪

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকারে নামায় আটক জেলেরা।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে নামায় ১২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১১ জেলের জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৪টি মাছ ধরার নৌকা ও ৫ হাজার মিটার চায়না দুয়ারি জাল।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

​এর আগে, মেঘনা নদীর রায়পুর উপজেলার আজগর সওদাগরের চর এলাকায় অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ দল জেলেদের আটক এবং তাদের ব্যবহৃত জাল ও নৌকা জব্দ করে।

বিজ্ঞাপন

​অর্থদণ্ডপ্রাপ্ত ১১ জেলে হলেন- বিল্লাল মাল, খোকন, হৃদয় গাইন, আবুল কালাম, মোহাম্মাদ আলী, মনির মিঝি, সবুজ হাওলাদার, আব্দুল জাব্বার, কাদির সর্দার ও তসলিম। তাদের কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আটক মো. রাসেল নামের অন্য অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

​মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জরিমানা আদায়ের পর জব্দকৃত ৫ হাজার মিটার চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর জব্দ করা ৪টি নৌকার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

​উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ সময় মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

 

সারাবাংলা/এসআর/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর