Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমিরাতের শ্রমবাজার ও প্রবাসীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে আলোচনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১১:৪৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ১৩:৩০

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সুরক্ষার বিষয়ে আলোচনা করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে ইউএইর আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমির সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ইউএইর মধ্যকার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ইউএইর শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ সুরক্ষা এবং বাংলাদেশের বন্দর অবকাঠামোতে ইউএইর বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

বিজ্ঞাপন

এ ছাড়া বহুপক্ষীয় ফোরামগুলোতে দুই দেশের পারস্পরিক সমর্থন ও সহযোগিতা নিয়েও আলোচনা করেন দুই প্রতিনিধি। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করে ইউএই।

বিশেষ করে সংকটের মূল কারণগুলো মোকাবিলায় সহযোগিতার বিষয়টি তুলে ধরে দেশটি। এ সময় বাংলাদেশ ও ইউএইর মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন দুই মন্ত্রী।

তারা মনে করেন, এ চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, ১ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় শুরু হয়েছে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে দেশটি সফর করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। সম্মেলন চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর