Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সহিংসতা ঠেকাতে না পারায় সরকার কিছুটা হলেও ব্যর্থ’

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৪:২৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১৯:১৪

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ফাইল ছবি

ঢাকা: সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় সরকারের কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব পালনের সময় এ ধরনের ঘটনা ঘটলে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন এক সাংবাদিক। ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত চালক দগ্ধ হয়ে মারা যাওয়ার পাশাপাশি স্কুলবাসে বোমা হামলার ঘটনাও তুলে ধরেন তিনি। এসব ঘটনায় জননিরাপত্তা নিশ্চিতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চান ওই সাংবাদিক।

বিজ্ঞাপন

জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া স্বাভাবিক। খালি বাসে আগুন দেওয়া হলেও মানুষের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। আর এ ধরনের ঘটনায় একজন মানুষের মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’

তিনি বলেন, ‘কোনো কিছু হয়নি, এটা বলা সরকারের দিক থেকে ঠিক হবে না। যখন একটা সরকার জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকে, তখন এ ধরনের ঘটনা ঘটে এবং একটা মৃত্যুও হয়, সেটা নিশ্চিতভাবেই যে কেউ মনে করতে পারে যে, এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ, সেটা ঠেকাতে ব্যর্থ হয়েছে।’

তবে সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, ‘যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেছে, তাদের অনেকে হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সাম্প্রতিক ঘটনায় দেশজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে বলে মনে করেন না জাহেদ উর রহমান। তার ভাষ্য, অধিকাংশ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে- এমন বক্তব্যের পক্ষে কোনো পরিসংখ্যান নেই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও তার মনে হয়নি যে, মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের ঘটনায় উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।

আওয়ামী লীগের ব্যানারে কর্মসূচি হলে আইন ভঙ্গ

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম এবং বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সভা-সমাবেশ করার বিষয়ে প্রশ্ন ওঠে। লন্ডন থেকে দেশে এসে একজন সাবেক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সভা করা এবং ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলের বিষয়ে গোয়েন্দাদের কাছে আগাম তথ্য ছিল কি না, তা জানতে চান এক সাংবাদিক।

জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আওয়ামী লীগ করেছেন বা দলটির সঙ্গে যুক্ত ছিলেন এমন প্রত্যেক ব্যক্তির অন্য কোনো সভা-সমাবেশে অংশ নেওয়ার ওপর স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা নেই। কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য ধরনের সভা-সমাবেশ করতে পারবেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলে আওয়ামী লীগের ব্যানারে দলীয় সভা, মিছিল বা কর্মসূচি করার সুযোগ নেই।’

লন্ডন থেকে আসা সাবেক সংসদ সদস্যের সভা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সেটি আওয়ামী লীগের ব্যানারে বা দলীয় কর্মসূচি হিসেবে আয়োজন করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।’ এ সময় সাংবাদিক ওই সভায় ব্যানার ও প্যান্ডেল ছিল এবং একটি নির্দিষ্ট কর্মসূচি উপলক্ষ্যে তা আয়োজন করা হয়েছিল বলে জানান। এর পরিপ্রেক্ষিতে জাহেদ উর রহমান বলেন, ‘এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি, এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

গোয়েন্দা ব্যর্থতা বলতে নারাজ

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলসহ বিভিন্ন স্থানে হঠাৎ রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এসব ঘটনাকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলতে প্রস্তুত নন। তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক বড় দেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রতিদিন শত শত তথ্য আসে। এর মধ্যে কিছু ঘটনা হঠাৎ ঘটে যেতে পারে। আবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেক ঘটনা আগেই প্রতিহত করা হয়, যেগুলো সব সময় জনসমক্ষে আসে না।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রে আগাম তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয় উল্লেখ করে তিনি বলেন, ‘সেসব তথ্য বা অভিযান নিয়ে সবসময় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয় না। ফলে যেসব ঘটনা ঘটে, সেগুলোই মানুষের সামনে বেশি আসে।’ সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম মূল্যায়ন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অতীতের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পরিস্থিতির সঙ্গে তুলনা করে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে এর অর্থ এই নয় যে, সরকারের দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের সহিংস ঘটনা ঘটবে।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আহ্বান
১০ নভেম্বর ২০২৬ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর