Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৮:৩৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১৯:৫৪

কুষ্টিয়া মডেল থানা।

কুষ্টিয়া: কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে মামলার এজাহারে নাম উল্লেখ করা ১৫ জনের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজনের সঙ্গে পুলিশ সদস্যদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রকিব উদ্দিন জনি বাদী হয়ে মামলা করেন।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা মাদক উদ্ধারের জন্য অভিযান চালাতে গেলে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারের কপি হাতে পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর